সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। সেখানে ১০ম শ্রেণি ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরে ৮ম শ্রেণি ফুটবল একাদশ।
খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন ও যুবনেতা কুরবান আলীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক মোঃ আব্দুস শহিদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহরম গাজী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, মহসিন মিয়া, আমির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মাজেদা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি ও রানার্স-আপ ১০ম শ্রেণি দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। গ্যালারিভরা দর্শক ও ক্রীড়ামোদীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।

