সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করে বিজিবি।
বিজিবি জানায়, আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




