সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনের কবল থেকে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ভেঙে হাতির পাড়া ও পুকাশ গ্রামের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীভাঙন আরও তীব্র হতে পারে। এতে দুই গ্রামের বিপুল পরিমাণ কৃষিজমি হারিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের আগ্রাসনে এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় অনেক মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
তিনি আরও বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।




