সিলেটের গোয়াইনঘাটে যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় করতে সচেতনা বিকল্প নেই।
মাদকবিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাবাসীর আয়োজনে এবং গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সভায় স্থানীয় ভুক্তভোগী ও গণ্যমান্য ব্যক্তিরা মাদকের কারণে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন।
বিশিষ্ট মুরুব্বি আক্কাস আলীর সভাপতিত্বে এবং টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক সালমান শাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মুড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমেদ ও বিশিষ্ট মুরুব্বি খাঁন বাহাদুর ও বাদশা মিয়াসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদক নির্মূলে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং এলাকায় অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মুড়ল মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক প্রতিরোধে নিয়মিত সামাজিক সচেতনতা কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সমন্বয় আরও জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, মাদকের বিরুদ্ধে এখন আর নীরব থাকার সুযোগ নেই—নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।




