সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও আটক ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে তিনজন সরাসরি বালু উত্তোলনের সঙ্গে জড়িত না থাকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
অন্য তিনজনকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টাস্কফোর্সকে সহযোগিতা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে কিংবা আইন অমান্য করে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসারের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।




