র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে র্যাবের পরিবর্তে নতুন নামে বিশেষায়িত এই ইউনিটের আইনি কাঠামো কার্যকর হলো।
গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন।
একই সঙ্গে বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও গেজেটে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের জন্য নতুন আইন করা হয়েছে।
নতুন আইনের আওতায় এসআরবি পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল-২০২৬ পাস হয়।

আইন প্রণয়নের প্রক্রিয়ায় এসআরবির জনবল, সম্পদ, নথিপত্রসহ বিভিন্ন বিষয় নতুন ইউনিটের আওতায় নেওয়ার বিধান রাখা হয়েছে। ইউনিটটির নেতৃত্বে থাকবেন পুলিশের অন্যূন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তা।
এদিকে গেজেট প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু হয়েছে বলে বাহিনীটির প্রধান জানিয়েছেন। নতুন ব্যবহৃত লোগোতে ‘র্যাব’-এর পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক




