জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে বাংলাদেশের সমসাময়িক রিটেইল খাত ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ১৭তম ব্যাচের ‘রিটেইল ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মীর আবদুল হাফিজ। সেমিনারটি সমন্বয় করেন অধ্যাপক ড. মামুদুল হাসান ফৈজী।

‘কনটেম্পোরারি রিটেইল প্র্যাকটিস অ্যান্ড ফিউচার প্রসপেক্টস অব রিটেইলিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রাতিষ্ঠানিক রিটেইল পরিচালনা, আউটলেট ব্যবস্থাপনা ও পরিবর্তনশীল বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে মীর আবদুল হাফিজ আধুনিক রিটেইল ব্যবস্থাপনার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে দেশের রিটেইল খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।