জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় সিট দখল, নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা ও হেনস্তা বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমে বাসে সিট দখল ও নবীন শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরই বিষয়টি নিয়ে প্রশাসন নতুন করে নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসে খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ বা শিট রেখে আগে থেকেই সিট দখলের চর্চা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা হেনস্তার বিষয়টিও প্রশাসনের নজরে এসেছে।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার কিংবা সিট দখলের নামে অসম আচরণকে র‍্যাগিংয়ের শামিল হিসেবে বিবেচনা করা হবে। এসব কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়, বাসের সিটে ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগে থেকেই আসন দখল সম্পূর্ণ নিষিদ্ধ। জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা যাবে না। প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পরিবহন সেবায় চলাচলকারী কোনো বাস বা যানবাহনের ভেতরে ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবনও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দিতে হবে। এ সময় বাসে অবৈধ সিট দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তা প্রশাসনকে জানাতে চালক ও হেলপারদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থী, চালক ও পরিবহন কর্মচারীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।