জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের দুই হাজারের বেশি নিবন্ধিত নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে দিনব্যাপী এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, উদ্ভাবন ও কর্মজীবনের প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এসব ক্ষেত্রে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও ব্যক্তিত্ব বিকাশের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন। পরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন উপহার ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।




