বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর লেনদেন বেড়ে দ্বিগুণ।
বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর থেকে এর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দিগুণ বৃদ্ধি পেয়েছে।
এক দেশ এক কিউআর- বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর থেকে এর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দিগুণ বৃদ্ধি পেয়েছে, যা আর্থিক মূল্যে প্রায় তিন গুণ। রোববার (২৩ আগস্ট) ব্যাংকের হালনাগাদ হিসাবে এমন তথ্য উঠে এসেছে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের শুরুতে যেখানে দৈনিক গড়ে প্রায় ১ দশমিক ৭৮ লাখ সংখ্যক বাংলা কিউআর লেনদেনের মাধ্যমে গড়ে দৈনিক প্রায় ৩৭ দশমিক ৩৩ কোটি টাকার কেনাকাটা হয়েছে, সেখানে গত সপ্তাহে দৈনিক গড়ে ৩ দশমিক ০৩ লাখ সংখ্যক বাংলা কিউআর লেনদেনের মাধ্যমে গড়ে দৈনিক প্রায় ১১০ দশমিক ৩৮ কোটি টাকার কেনাকাটা হয়েছে।
অন্যদিকে গত ১ জুলাইয়ে বাংলা কিউআরের মার্চেন্ট সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে বর্তমানে তা প্রায় ৩০ লাখে উত্তীর্ণ হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোও অগ্রণী ভূমিকা পালন করছে, যা বাংলাদেশের ডিজিটাল লেনদেনের প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখবে।
উল্লেখ্য, পহেলা আগস্ট থেকে সব প্রোপ্রাইটরি কিউআরের পরিবর্তে বাংলাদেশে একক কিউআর- বাংলা কিউআর রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
