রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের দিকে মনিরা খাতুনের তিন বছর বয়সী ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। এ সময় ট্রেন আসার শব্দ শুনতে পেয়ে ছেলেকে রেললাইন থেকে নিরাপদে সরিয়ে নিতে ছুটে যান মনিরা। সন্তানকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেই ট্রেনের সামনে পড়ে যান।
এ সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মনিরা খাতুনের মৃত্যু হয়। একই ঘটনায় তাঁর ছেলে ইভান গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নসহ এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




