নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এ বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের জন্য ‘না’ প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।

নতুন বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে ইসির নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সাধারণ ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য মোট ১২০টি প্রতীক তালিকায় রাখা হয়েছে।

সংশোধিত বিধিমালায় নির্বাচনি ব্যয়ের হিসাবের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োগ করা নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার বিধান যুক্ত হয়েছে।

এ ছাড়া প্রার্থীর হলফনামা দাখিলের কিছু নিয়মও সংশোধন করা হয়েছে। স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় বলে নতুন বিধানে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে আদালত যে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে, তাকে বোঝানো হবে—এমন ব্যাখ্যাও যুক্ত করেছে ইসি।

ইসির প্রজ্ঞাপনে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব সংশোধন কার্যকর করার কথা জানানো হয়েছে।

সূত্র কালবেলা