নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী চেচিয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার জমজমাট ফাইনাল রাউন্ড।

ফাইনাল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কান্দিপাড়া এক্সপ্রেস, দ্বিতীয় হয় উত্তরপাড়া এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অর্জন করে সোনার মদিনা এক্সপ্রেস

এর আগে মঙ্গলবার খাকড়াদহ যুব সমাজের আয়োজনে শুরু হয় এ নৌকাবাইচ। প্রতিযোগিতায় মোট ১৪টি বাইচ নৌকা অংশ নেয়। সাতটি গ্রুপে ভাগ হয়ে প্রথম দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা সাতটি নৌকা বুধবার ফাইনাল রাউন্ডে অংশ নেয়।

নৌকাবাইচকে ঘিরে চেচিয়া নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ঢাক-ঢোলের বাদ্য আর বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে নদীর জল। নৌকার গতি আর প্রতিযোগীদের ছন্দময় বৈঠা চালানো দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ।

স্থানীয়দের কাছে নৌকাবাইচটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। দীর্ঘদিনের এই ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন আয়োজক ও স্থানীয়রা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম স্থান অর্জনকারী দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে একটি বড় এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে একটি ছোট এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।