জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর নিবন্ধন শুরু হয়েছে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল রাখা হয়েছে।

প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে কেস সলভিং, দ্বিতীয় ধাপে অনলাইন ভিডিও কনটেন্ট (ওভিসি) তৈরি এবং চূড়ান্ত ধাপে ফাইনাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহমান তামীম বলেন, “জাতীয় পর্যায়ের এই কেস কম্পিটিশন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় বাস্তবমুখী ব্যবসায়িক চ্যালেঞ্জ তুলে ধরা হবে, যা শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়তা করবে।”

ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানি রাশহা রাতুল বলেন, “এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ। এবারের প্রতিযোগিতায় আগেরবারের তুলনায় আরও চ্যালেঞ্জিং কেস রাখা হয়েছে।”

২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন

প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অফলাইন নিবন্ধন বুথও রয়েছে। আগ্রহীরা ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি ৬০০ টাকা।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টার নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি সান, সমকাল ও বাংলাদেশ প্রতিদিন। আউটরিচ পার্টনার ইনফোগ্রাম। স্ট্র্যাটেজিক ক্যাম্পাস মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট, জেএনইউ রিপোর্টার্স ইউনিটি ও জেএনইউ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

২০১১ সালের ১ জুন প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লাবটির উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল জব জাংশন, আপলিফট ইউর ক্যারিয়ার, ক্রিয়েটিভ ম্যানিয়াক, পাওয়ারপয়েন্ট ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’।