সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। অন্য দুজনের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে। তাদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
চিকিৎসকদের বরাত দিয়ে স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত শিশুরা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৪ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯৫ জন।
তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




