সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংকে সংরক্ষিত রেখে জেলার অন্যান্য এলাকায় পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগতভাবে এগোচ্ছে সরকার। চলতি মৌসুমেই এ বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় পাথর উত্তোলন নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয়জন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছিল।
তিনি জানান, আদালতের আদেশে সংরক্ষিত জাফলং এলাকাকে অক্ষত রেখে অন্যান্য এলাকায় হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে কমিটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে।
তবে এ বিষয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, পরদিন থেকেই সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
চলতি মৌসুমেই পাথর উত্তোলন শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, মামলার বাদীপক্ষ আদালতে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছে। একইভাবে সরকারপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই মৌসুমেই পাথর উত্তোলন শুরু হবে।”




